
ঝিকরগাছায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচে খেলা দেখতে গিয়ে আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে নিমার্ণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে এক আর্জেন্টিনার সমর্থকের করুণ মৃত্যু হয়েছে।
নিহত রাকিব হোসেন (২৫) ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা (আর্জেন্টিনা বনাম ফ্রান্স) দেখার জন্য কাটাখালের দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সাথে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এসময় উৎফুল্ল রাকিব উল্লাস করতে গিয়ে পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের উপর পড়েন। এসময় পিঠে রড বিধে মারাত্মক আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাকিবের অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
