
বেনাপোল প্রতিনিধি।।বেনাপোলের বাংলাদেশ- ভারত সীমান্তের কাটা তারের পাশে বাংলাদেশী ভূখণ্ডে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুরের এরোরখালের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বেনাপোল এরোর খালের মাঠে ঘাসের মধ্যে বিবস্ত্র অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সের একটি লাশ পড়ে থাকতে দেখে ইউপি চেয়ারম্যান মাফিজুর রহমানকে খবর দেন। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রাথমিক ভাবে লাশটি সনাতন ধর্মাবলম্বী বলে জানা যায়।
এবিষয়ে নাভারণ সার্কেল এএস’পি জুয়েল ইমরান বলেন, রঘুনাথপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে।
লাশটি ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। লাশের হাতের ফিঙ্গার প্রিন্ট টেস্ট করার পরই বলা যাবে লাশটি কোন দেশের নাগরিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল ভুইয়া।
পরে যশোর ডিবি পুলিশ ও সি’আই’ডি ব্রাঞ্চের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
