
বেত্রাবতী ডেস্ক।। শার্শায় মাত্র ১০ মিনিটের কাল বৈশাখীর ঝড়ের তান্ডব লীলায় আম সহ কৃষকের সোনালী ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

আমচাষিরা বলছেন, ঝড়ে আম বাগানের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ আম ঝরে পড়ে গেছে।তবে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখবও নিরূপণ করা সম্ভব হয়নি ।
শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাগানে-বাগানে মাটিতে পড়ে আছে আম। ফেটে নষ্ট হয়েছে অনেক। কোন কোন বাগানে আম গাছের ডাল ভেঙে পড়েছে।
উপজেলার বাগআঁচড়ার পাশ্ববর্তী কুলবাড়ীয়া গ্রামের আমচাষি রাজু বলেন, ৩০ বিঘা জমির ওপর তার আম বাগান রয়েছে। ঝড়ে বাগানের ২০ থেকে ৩০ শতাংশ আম পড়ে গেছে। বেশ কিছু গাছের ডালও ভেঙে পড়েছে। আম এখনও পরিপক্ক না হওয়ায় ঝরে পড়া আম ৪ থেকে ৫ টাকা কেজির বেশি বিক্রি হচ্ছে না। আর যেসব আম ফেটে গেছে, সেসব কেউ কিনবেও না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শার্শা উপজেলার প্রায় অধিকাংশ আম বাগানেই কালবৈশাখী হানা দিয়েছে।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল বলেন, শার্শায় এবার ৯ হাজার হেক্টর জমিতে আমেী চাষ হয়েছে। এবার বাগানে আমও ভালো ধরেছিল। তবে কালবৈশাখী ঝড়ে সেটা বেশ ক্ষতি হয়ে গেল।তবে ঝড়ে আমের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
এদিকে ঝড়ে আম ছাড়াও বোরো ধানেরও অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। ঝড়ে ধানগাছ হেলে পড়ায় এবং জমিতে পানি জমে যাওয়ায় ধান চিটা হয়ে যাওয়া এবং পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
