
বেনাপোলে ২২নং শেডের সামনে থেকে বৃহস্পতিবার দিনগত রাতে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলের চালান জব্দ করেছে যশোর জেলা পুলিশ।
এসময় আটক করা হয়েছে সালাউদ্দিন (৩৫) ও মীর আসলাম হোসেন (৪৫) নামে দুই কারবারীকে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টায় পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়াদার তার কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করে অভিযান এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সাংবাদিকদের।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৮৬ কেজি গাঁজা, ৭৪৯ বোতল ফেনসিডিল, ভারতীয় প্রসাধনী সামগ্রী, ভারতীয় বাজি এবং ওষুধ। উদ্ধার হওয়া এই মাদকসহ অবৈধ মালামালের মূল্য দেড় কোটি টাকা।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুকিত সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, বেনাপোল থানার অফিসার ইনচার্জ কামাল ভুঁইয়া, ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দু প্রমুখ।
এই মাদক চালানের সাথে আরো অনেকে জড়িত যাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসপি।
