বেত্রাবতী ডেস্ক।।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা চার দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য।
তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৬ অক্টোবর সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, ওপারে দুর্গাপূজার ছুটি থাকায় ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কাজ চলবে। ১৬ অক্টোবর সকাল থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ বলেন, পূজার ছুটির কারণে বেনাপোল দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2026 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.